নাটোরের চলনবিলে পাখি শিকারিকে ধরিয়ে দিলেই তাকে তাৎক্ষণিকভাবে একটি কম্বল উপহার দিচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির’ উদ্যোগে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো শীত মৌসুম।
কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, চলনবিলে পানি কমতে শুরু করায় খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। এই সুযোগ কাজে লাগাতে পাখি শিকারিরা নানা কৌশলে পাখি শিকার করতে আসছে চলনবিলে।
তিনি বলেন, শিকারিদের প্রতিহত করতে এই সংগঠনের সীমিত সংখ্যক কর্মী হিমশিম খাচ্ছেন। এই কারণে স্থানীয় জনসাধারণকে পাখি শিকারিদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য বিতরণ করা হয়েছে লিফলেট।
তিনি বলেন, পাশাপাশি কেউ যদি পাখি শিকারিদের ধরিয়ে দেন তাহলে তাকে তাৎক্ষণিক একটি করে কম্বল উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আখতারুজ্জামান জানান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার ভোর থেকে চলনবিলের ভাগনাগরকান্দি, কালিনগর, নুরপুর, কলম, নিংগইন ও শাহবাজপুর এলাকায় ঘোরেন। তারা এসব এলাকার মোড়ে মোড়ে পথসভা করেন এবং পাখি শিকারের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেন।
আখতারুজ্জামান জানান, শুক্রবার পাখি শিকারির সন্ধান দেওয়ায় স্থানীয় পাঁচ ব্যক্তিকে পাঁচটি কম্বল উপহার দেওয়া হয়েছে। শীত শেষ না হওয়া পর্যন্ত তারা কম্বল বিতরণের এই কর্মসূচি চালিয়ে যাবেন। সংগঠনের কর্মীরা নিজেরা চাঁদা তুলে এসব কম্বল সংগ্রহ করেছেন।
