পার্লামেন্টে প্রমাণ দেখালেন এমপি, কোকাকোলাতেও করোনা!

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০২:২২ পিএম

অস্ট্রিয়ার পার্লামেন্টে এক গ্লাস কোকাকোলা নিয়ে করোনা পরীক্ষা করলেন এক এমপি। কয়েক মিনিট পর ফলাফলে দেখা গেলো, কোকাকোলাতে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, পার্লামেন্টে বক্তব্যের সময় সামনে রাখা কোকাকোলার গ্লাসে করোনা পরীক্ষা চালান দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির এমপি মাইকেল শ্নেডলিটজ।

এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন সরকারের করোনা পরীক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে। শেষমেশ তার দাবিই সত্য হলো।

বৃহস্পতিবার পার্লামেন্টে নিজের বক্তব্যে করোনা মোকাবিলায় ব্যর্থতা নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন শ্নেডলিটজ।

তিনি দাবি করেন, জনস্বাস্থ্য নিয়ন্ত্রণের নামে সরকারের স্বেচ্ছাচারিতা ও একনায়কতন্ত্র প্রকাশ পেয়েছে। এতে নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।

করোনা শনাক্ত কর্মসূচিরও বিরোধিতা করেন তিনি। এ সময় তার ডেস্কে ছিল করোনা কিট এবং আরেক পাশে একটি গ্লাসে  কোকাকোলা তাৎক্ষণিক পরীক্ষা করে পার্লামেন্টের অন্যান্য এমপিদের দেখান শ্নেডলিটজ।

ফল পজিটিভ আসায় তিনি মন্তব্য করেন, করোনা শনাক্তে সরকারের কর্মসূচি ‘অকার্যকর’। এর জন্য জনগণের করের টাকা ঢালা হয়েছে।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়েছে, বেকারত্ব বেড়েছে, সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে এবং শিশুদের পড়াশোনা ছিনতাই করা হয়েছে।’

শ্নেডলিটজের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছে। তবে জার্মান পত্রিকা ডাই জেইতের মতে, কোকাকোলা নিয়ে তার করোনা পরীক্ষা সঠিক ছিল না। নমুনা নেয়ার সময় গুরুত্বপূর্ণ একটি ধাপ বাদ পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত