বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানালেন চট্টগ্রামের সরকারি কর্মকর্তারা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০৫:২৬ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। শনিবার নগরীর এম এম আলী রোডে জেলা শিল্পকলা একাডেমিতে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এক সমাবেশে এই প্রতিবাদ জানান তারা।

সকালে নগরের দামপাড়ায় পুনাকের সামনে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটির ব্যানারে মানববন্ধন করেন চট্টগ্রামের বিচারকেরা। এ সময় বিভিন্ন পদমর্যাদার প্রায় ১০০ বিচারক উপস্থিত ছিলেন। পরে মিছিল নিয়ে বিচারকেরা জেলা শিল্পকলা একাডেমিতে যান।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশসহ (সিএমপি) পুলিশের বিভিন্ন ইউনিট এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কেউ মানববন্ধন, কেউ বিক্ষোভ মিছিল, কেউ মৌন মিছিল করেন। পরে সবাই শিল্পকলা একাডেমিতে গিয়ে সমবেত হন।

শিল্পকলা একাডেমিতে ‘জাতির পিতার সম্মান, রাখব মোরা অম্লান’—এ স্লোগানে ভাস্কর্যবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে একে একে বক্তব্য দেন সর্বস্তরের কর্মকর্তারা।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবু সাঈদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন বলেন, আমরা বিচারকেরাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ এক হয়েছি। মৌলবাদী গোষ্ঠীকে বুঝিয়ে দিতে চাই যে আমরা একত্র। আমরা সবাই মৌলবাদের বিরুদ্ধে এই ম্যাসেজ দিতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত