ভাস্কর্যবিরোধীরা কখনও মানুষের দুর্ভোগ-সমস্যা নিয়ে কথা বলে না: সিপিবি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১১:০৭ পিএম

মসজিদ-মন্দির এবাদতের জায়গা, এখানে রাজনীতি হতে পারে না বলে উল্লেখ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেছেন, রাজনীতি থেকে যদি ধর্মকে পৃথক করা না যায় তাহলে হানাহানি বন্ধ হবে না। যারা এখন ভাস্কর্যবিরোধী বক্তব্য দিচ্ছে তারা কখনও মানুষের দুর্ভোগ-সমস্যা নিয়ে, মানুষের অভাব-অভিযোগ নিয়ে কথা বলে না। শোষিত-বঞ্চিত, গরিব-মেহনতি মানুষ যাতে মুক্তির জন্য লড়াই করতে না পারে সেজন্য সুকৌশলে এসব ষড়যন্ত্র করা হচ্ছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে সিপিবি চট্টগ্রাম জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীদের কঠোরভাবে দমনের আহ্বান জানান।

রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবিতে এবং মৌলবাদ-সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রতিরোধের আহ্বানে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থকরা, পরাজিত অপশিক্তই নানা অজুহাতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়ে তারা স্বাধীনতার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, অসাম্প্রদায়িকতার চেতনাকে কবর দিতে চায়।

মুক্তিযোদ্ধা শাহ আলম বলেন, উগ্র সাম্প্রদায়িক, ধর্মান্ধ-মৌলবাদী অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছি। মুক্তিযুদ্ধের চেতনা-অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা- ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার।

তিনি বলেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মৌলবাদের উত্থানে বর্তমান সরকার ভূমিকা পালন করে চলেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পরও সরকার তার মৌলবাদ-তোষণ নীতি বদলায়নি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শাহ আলম বলেন, এই অপশক্তির বিরুদ্ধে দৃঢ়তার সাথে দাঁড়ান। ক্ষমতার জন্য তাদের সাথে আপস করবেন না। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ান।

সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সদস্য প্রদীপ ভট্টাচার্য, উজ্জ্বল শিকদার ও অমিতাভ সেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত