নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় যখন সমগ্র বাংলাদেশ উদ্ভাসিত ঠিক তখনই আমাদের মহান নেতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আক্রমণ করতে চায় রাজাকার আল-বদরদের প্রেতাত্মারা। তারা জানে না, বঙ্গবন্ধু একটি আদর্শ। বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের ২৫ কিলোমিটার খননকাজ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নৌ-প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা আজ দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই বাংলাদেশ মর্যাদার জায়গায় চলে গেছে। এটি ধরে রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
প্রসঙ্গত, বুড়িগঙ্গা, ধলেশ্বরী এবং মেঘনা (লোয়ার) নদীর ওপর দিয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নৌপথের দূরত্ব ১২৫ কিলোমিটার। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে বর্তমানে কোনো নাব্য সংকট নেই। মেঘনা (লোয়ার) নদীতে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সংলগ্ন এলাকায় কিছু স্থানে নাব্য সংকট রয়েছে। বিআইডব্লিউটিএ মেঘনা (লোয়ার) নদীর ওই চ্যানেলে ২৫ কিলোমিটার খনন করবে।
