শারীরিক উপস্থিতিতে হবে বইমেলা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০২:১৬ পিএম

অন্যান্য বছরের মতোই শারীরিক উপস্থিতে বইমেলা করার ব্যাপারে সম্মত হয়েছে বাংলা একাডেমি। তবে মেলা নির্ধারিত তারিখে না হয়ে কিছুদিন পেছাতে পারে।

রবিবার সকালে বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশকদের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতাদের সঙ্গে বাংলা একাডেমির কর্মকর্তাদের বৈঠক হয়।

প্রকাশকদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি সভাপতি আরিফ হোসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

বৈঠক শেষে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, বইমেলা ফিজিক্যালি করার ব্যাপারে বাংলা একাডেমি সম্মত হয়েছে। আমাদের দুই সমিতির কাছে প্রস্তাবনা চেয়েছে। আমরা দুই সমিতির নেতৃবৃন্দ একসঙ্গে বসে বাংলা একাডেমিকে আমাদের প্রস্তাবনা লিখিতভাবে জানাবো।

সেই প্রস্তাবনা সরকারের কাছে জানানো হবে। মেলার আয়োজনের ব্যাপারে সরকারের কাছ থেকেই সিদ্ধান্ত আসবে।

তবে মেলা ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে কিনা? সেটা এখনই চূড়ান্ত বলা যাচ্ছে না। তবে বইমেলা অনুষ্ঠিত হবার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশা করছি বইমেলা হবে। প্রকাশকদের প্রস্তুতিও রয়েছে।’

বাংলা একাডেমির একটি সূত্র জানিয়েছে, আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ অথবা ২৬ মার্চ পর্যন্ত বইমেলার করার ব্যাপারে প্রস্তাব এসেছে। এখন সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে। তারপর মেলা আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা পরিস্থিতির অবনতি হলে মেলা আরও দু-এক মাস পিছিয়ে হলেও ফিজিক্যালি আয়োজনের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ প্রকাশক।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, আসন্ন অমর একুশে বইমেলা বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

গত বৃহস্পতিবার বাংলা একাডেমির কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে মেলা কিভাবে অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকে আলোচনার ভিত্তিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কাছে কিছু প্রস্তাবনা পাঠা‌নো হ‌য়ে‌ছে।

যার মধ্যে রয়েছে- বর্তমান করোনা পরিস্থিতি শারীরিক উপস্থিতিতে বইমেলা স্থগিত করা এবং বইমেলা বইমেলা আনুষঙ্গিক আয়োজনে ভার্চুয়ালি অনুষ্ঠিত করারও প্রস্তাব দিয়েছি। প্রকাশকদের সংগঠন থেকে কিছু প্রস্তাবনা জানাবে, সেগুলো নিয়েও আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত