রূপগঞ্জে নদীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে নিখোঁজ সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা হেড অফিসের ডুবুরি ইউনিটের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

নিহত সবুজ রাজধানী ঢাকার কোনাপাড়া আদর্শবাগ এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, গত ১৫ দিন আগে শাহনাজের সঙ্গে সবুজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। গৃহবধূ শাহনাজ বেগম সবুজ মিয়ার দ্বিতীয় স্ত্রী।

গত শনিবার সন্ধ্যায় নববধূ শাহনাজকে নিয়ে সবুজ মিয়া নিজ বাড়ি থেকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদীতে বেড়াতে যান।

নৌকা দিয়ে নদীতে ঘোরার সময় সবুজ মিয়া মাথা ঘুরে নদীতে পড়ে যান। পরে শাহনাজ বেগমের ডাক-চিৎকারে নৌকার মাঝি ও আশপাশের লোকজন খোঁজাখুঁজির করলেও সবুজ মিয়াকে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন ঢাকা হেড কোয়ার্টারের ডুবুরি ইউনিটকে খবর দিলে তারা রবিবার সকালে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পরে রবিবার দুপুরে চনপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে সবুজের লাশ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।

ঢাকা হেড অফিসের ডুবুরি ইউনিটের ডিউটি অফিসার এরশাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, রবিবার দুপুরে ডুবুরি দল লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত