গণপূর্তের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন শামীম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম

সরকারের নির্মাণ সংক্রান্ত সবচেয়ে বড় প্রতিষ্ঠান গণপূর্তের প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পেয়েছেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক মো. শামীম আকতার। বর্তমান প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. আশরাফুল আলমকে এইচবিআরআই’র মহাপরিচালক করা হয়েছে।

রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়েরই প্রশাসনের (অধিশাখা-১) উপসচিব মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির কথা বলা হয়। তাদের সোমবারের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় সোমবার থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়া মো. শামীম আকতার রাজশাহী জেলার বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি লাভ করেন। তিনি আইসিটি বিষয়ে ২০০২ সালে বুয়েট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ অর্জন করেন।

শামীম বিসিএস (পাবলিক ওয়ার্কস) ক্যাডারে ১৫তম (১৯৯৫) ব্যাচের কর্মকর্তা।

চাকরি জীবনে তিনি ১৯৯৮ সালে উপবিভাগীয় প্রকৌশলী, ২০০৮ সালে নির্বাহী প্রকৌশলী, ২০১৬ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ২০১৮ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত