পশ্চিমবঙ্গে সফরে গিয়ে হামলার শিকার হয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি জে পি নাড্ডার গাড়িবহর। এ নিয়ে উত্তেজনার শেষ নেই। এর মধ্যে দুঃসংবাদ হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে ফিরে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, এক টুইটে নাড্ডা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লেখেন, ‘করোনার প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, আমার শরীর ঠিক আছে।’
নাড্ডা আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারেন্টাইনের সব নির্দেশনা মেনে চলছি। আমার অনুরোধ, বিগত কিছুদিনের মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা সবাই আইসোলেশনে থাকুন এবং আপনাদের টেস্ট করিয়ে নিন।’
নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবরের পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা আতঙ্কে আছেন। দুই দিনের সফরে অঙ্গরাজ্যটিতে ছিলেন বিজেপি সভাপতি।
ফলে নিয়ম মোতাবেক পশ্চিমবঙ্গের সব বিজেপি নেতাকে এখন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরা আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এখন সুস্থ।
