বাসা থেকে সাইকেল চালিয়ে কোর্টে এসে নিজের দেয়া কথা রাখলেন বিচারপতি মো. আশরাফুল কামাল।
কাকরাইলে অবস্থিত জাজেস কমপ্লেক্সের বাসা থেকে সাইকেল চালিয়ে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেন তিনি।
এসময় তার সঙ্গী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসম্পাদক ইমতিয়াজ ফারুক ও সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মাহফুজ বিন ইউসুফ। প্রবেশের সময় পেছনে আরেকটি সাইকেলে চড়ে বিচারপতির গাড়িচালককেও প্রবেশ করতে দেখা যায়।
উল্লেখ্য, সমিতি প্রাঙ্গণে গত ৫ নভেম্বর সাইকেল শেডের উদ্বোধন করা হয়। বাইসাইকেলকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন অভিহিত করে ওই অনুষ্ঠানে বিচারপতি মো. আশরাফুল কামাল বলেছিলেন, এ বছরই তিনি সাইকেল কিনবেন এবং বাসা থেকে মাঝেমধ্যে সাইকেলে করে কোর্টে আসবেন।
