সরকারের নির্মাণসংক্রান্ত সবচেয়ে বড় প্রতিষ্ঠান গণপূর্তের প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পেয়েছেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক মো. শামীম আকতার। বর্তমানে প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা মো. আশরাফুল আলমকে এইচবিআরআইর মহাপরিচালক করা হয়েছে। গতকাল রবিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন (অধিশাখা-১)-এর উপসচিব মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির কথা বলা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের ১৪ ডিসেম্বর অর্থাৎ আজকের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় সোমবার অপরাহ্ণ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়া মো. শামীম আকতার রাজশাহী জেলার বাঘা উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি লাভ করেন। মো. শামীম আকতার বিদায়ী প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমের স্থলাভিষিক্ত হলেন। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের আজীবন ফেলো।
