মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ সুলতান বেপারী (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সুলতান সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত সাবের বেপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিঠাপুর গ্রামের সুলতান বেপারীর সঙ্গে একই গ্রামের আব্দুল আলী বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এরই জেরে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল আলীর নেতৃত্বে সুলতান বেপারীর উপর অতর্কিত হামলা চালান ইব্রাহীম, দোলোয়ার, মিজানসহ বেশ কয়েকজন।
পিটিয়ে আহত করা হয় সুলতানকে। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন ভর্তি করে সদর হাসপাতালে।
পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান ওই বৃদ্ধ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
