ছিনতাইয়ে জড়িত সন্দেহে ৫ জন গ্রেপ্তার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১২:১১ এএম

নগরীতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসেটসহ মূল্যবানসামগ্রী ছিনিয়ে নেওয়ায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার সকালে গোপালগঞ্জ ও রাতে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো নুরুল হক সজীব (২৯), মো. শহীদ চৌধুরী (২৭), আবদুল খালেক (৪০), মো. ইব্রাহিম (৪২) ও মো. হেদায়েত বিশ্বাস সাব্বির (৪৪)।

এদের মধ্যে পুলিশ সজীবের কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত ১৪ সেপ্টেম্বর ও ১৭ নভেম্বর কোতোয়ালি থানায় দুটি অভিযোগ তদন্ত গিয়ে এ চক্রটির সন্ধান পায় পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গত বৃহস্পতিবার নগরীর সিআরবি থেকে মোস্তাকিন হোসেন মিঠzন নামে ছিনতাইকারী চক্রের এক দলনেতাকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার সকালে গোপালগঞ্জের মোকসেদপুরে অভিযান চালিয়ে হেদায়েতকে এবং রাতে চট্টগ্রাম নগরীর সিআরবি থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা নগরীর বিভিন্ন স্থানে দুটি সিএনজি অটোরিকশা নিয়ে অবস্থান করে লোক টার্গেট করত। একটিতে চালক একা থেকে যাত্রী নিত, অন্যটিতে যাত্রীবেশে বাকিরা থাকত।  এরপর প্রথম সিএনজির চালক নির্জন স্থানে অটোরিকশা নষ্ট হয়েছে বলে কৌশলে থামালে অন্য সিএনজিতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা নেমে প্রথম সিএনজির যাত্রীদের মারধর করে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত