ফেইসবুকের মামলা

‘ফেইসবুক ডটকমডটবিডি’ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০১:৫২ এএম

‘ফেইসবুক ডটকমডটবিডি’ নামের ডোমেইন ব্যবহারের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ফেইসবুক কর্র্তৃপক্ষের করা এ সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য রাখা হয়েছে আগামী বছরের ৯ মার্চ। একই সঙ্গে ওই ডোমেইন ব্যবহারের ওপর কেন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না সে বিষয়ে বিবাদীদের ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশে ফেইসবুকের আইনজীবী মোকছেদুল ইসলাম দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন। গত ২৩ নভেম্বর ‘এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড’ এবং এসকে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করা হয়। সেখানে ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয় বিবাদীদের কাছে।

ব্যারিস্টার মোকছেদ জানান, ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ফেইসবুক ডটকম নামটি নিবন্ধন করানো হয়। পরে ওই বছর ফেইসবুক ডটকমডটবিডি নামে একটি ডোমেইন বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড) কাছ থেকে বরাদ্দ নেয় এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড। ২০০৮ সালের ৭ ডিসেম্বর সক্রিয় করা এই ডোমেইনটির মেয়াদ রয়েছে আগামী বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি ‘ফেইসবুক ডটকমডটবিডি’ ডোমেইনটি ৬ মিলিয়ন ডলারে বিক্রির বিজ্ঞাপন দিলে তা ফেইসবুক কর্র্তৃপক্ষের নজরে আসে। বিষয়টির আইনি সুরাহার জন্য ব্যারিস্টার মোকছেদকে নিয়োগ দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। এরপর ফেইসবুকের পক্ষ থেকে ওই ডোমেইন বন্ধে একাধিকবার আইনি নোটিস পাঠানো হয়। নোটিসের জবাব দিলেও ডোমেইনটি তারা বন্ধ করেনি। এরপরই ক্ষতিপূরণ দাবি নিয়ে মামলার কথা জানান আইনজীবী। সেজন্য ফেইসবুক কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় নথি সরবরাহ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত