এশিয়ায় প্রথম সিঙ্গাপুরে ফাইজারের টিকা অনুমোদন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১২:১৪ পিএম

এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারে অনুমোদন দিল সিঙ্গাপুর। সোমবার দেশটির প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং এ ঘোষণা দেন।

তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকা ক্রয়ে ৭৫ কোটি ডলার বরাদ্দের কথাও জানান।

চলতি মাসের শেষ দিকে দেশটিতে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানায় রয়টার্স।

২০২১ সালে তৃতীয় প্রান্তিকে সবার জন্য টিকা নিশ্চিত সম্ভব হবে বলেও জানান লি।

তিনি জানান, সিঙ্গাপুরে প্রথম যাদের ভ্যাকসিন দেওয়া হবে, তার মধ্যে তিনিও থাকবেন।

আরও বলেন, “প্রবীণদের সঙ্গে আমি ও আমার সহকর্মীরা আগেই ভ্যাকসিন নেব। ভ্যাকসিনগুলো যে নিরাপদ তা বোঝাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। যাদের ইচ্ছা তারা নিতে পারবেন। স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের আগে দেওয়া হবে।

এর আগে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং আরও কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেক এর এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।  যুক্তরাজ্যের সপ্তাহখানেক পর সোমবার যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া কানাডায় সীমিত পরিসরে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি।

মডার্না ও সিনোভ্যাকের ভ্যাকসিন পেতেও সিঙ্গাপুর ক্রয় চুক্তিতে সই করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত