রাজনীতিকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে বিএনপি: সেতুমন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০৪:৩৫ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্ত থেকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে। ওবায়দুল কাদের নিজের রাজধানী ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

তিনি বলেন, ‘বিএনপি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নামে অগণতান্ত্রিক পন্থা খুঁজছে। বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় না গিয়ে, জনমানুষের কাছে না গিয়ে আন্তর্জাতিক মহলের দ্বারে দ্বারে ঘুরছে।’

বিএনপির অন্ধ এবং নেতিবাচক রাজনীতি তাদেরকে ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন করেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা এখন মরণ কামড় দিতে চায়,কিন্তু দেশের লাখো কোটি জনতা সেই অশুভ শক্তি বলয়ের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি চলছে দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় তিনি একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ করছেন। অথচ একটি দল উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের অগ্রগতির পথকে রুদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে বড় অর্জন ও সাফল্য হচ্ছে জনগণের ভালোবাসা। তিনি তার সমগ্র রাজনৈতিক জীবনে জনমানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের একজন সফল রাজনীতিবিদ।

এ সময় চট্টগ্রাম প্রান্তে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত