করোনাভাইরাস মহামারীর প্রভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪ কোটি ১০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন। গতকাল মঙ্গলবার এশিয়া-প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ২০২০ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
এ প্রতিবেদনে বলা হয়, ‘করোনা সংকটের প্রভাব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মবাজারে সুুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। এ সময় লাখ লাখ কর্মঘণ্টা হ্রাস পেয়েছে। ২০২০ সালের প্রথম তিন মাসের তুলনায় দ্বিতীয় তিন মাসে ১৫ দশমিক ২ শতাংশ কর্মঘণ্টা হ্রাস পায়। পরবর্তী তিন মাসে আরও ১০ দশমিক ৭ শতাংশ হ্রাস পায়।’
আইএলও আশঙ্কা করছে, এই অঞ্চলে ২০২১ সালে বেকারত্ব ৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৭ শতাংশ পর্যন্ত যেতে পারে। আইএলওর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী পরিচালক চিহোকো আসাদা মিয়াকাওয়া বলেছেন, ‘কভিড-১৯ এ অঞ্চলের শ্রমবাজারগুলোর বিপুল ক্ষতি করেছে। যদিও সংকট সামাল দিতে সরকারগুলো বেশ প্রস্তুত ছিল তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কিছু উদ্যোগের দুর্বলতার কারণে অর্থনৈতিক ক্ষতি সামাল দেওয়া সম্ভব হয়নি। এতে কর্মসংস্থান ও আয়ের ওপর বড় প্রভাব পড়েছে।’
আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলের বেশিরভাগ দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি কর্ম হারিয়েছেন এবং তাদের কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে। পুরুষদের তুলনায় যা ৩ থেকে ১৮ গুণ বেশি। আইএলও আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অর্থনীতিবিদ ও প্রতিবেদনের শীর্ষ লেখক সারা এল্ডার বলেছেন, ‘বেকারত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরুণ কর্মীদের নতুন চাকরির প্রতিযোগিতা করা কঠিন হতে পারে। কয়েক মিলিয়ন নারীও চড়া মূল্য দিয়েছেন এবং যারা শ্রমশক্তি থেকে বেরিয়ে এসেছেন তাদের পুরো চাকরিতে ফিরে আসতে কয়েক বছর সময় লাগতে পারে।’
