বঙ্গবন্ধু সেতুতে টোল পরিশোধের জন্য আর অপেক্ষা করতে হবে না

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৩৫ পিএম

বঙ্গবন্ধু সেতুর টোল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না পরিবহনগুলোকে। সেতুর পূর্ব ও পশ্চিমের টোলপ্লাজায় একটি করে স্থাপিত দুইটি ফাস্ট ট্র্যাক বুথ ব্যবহার করে ডিজিটাল লেন দিয়ে বিরতিহীনভাবে পরিবহনগুলো চলাচল করতে পারবে।

প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বুধবার বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর দুইটি ফাস্ট ট্র্যাক লেনের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।

বঙ্গবন্ধু সেতু পার হতে সেতুর টোলপ্লাজায় টোল পরিশোধের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো পরিবহনগুলোকে। কিন্তু এখন আর পরিবহনগুলোকে লাইনে না দাঁড়িয়ে বিরতিহীনভাবে সেতু পারাপার করতে পারবে। এতে ডাচ্-বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে গাড়ির উইন্ডশিল্ডে লাগানো (চালকের সামনে মাথার ওপরে গ্লাসের থাকে) আরএফআইডি ট্যাগ ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করে বাধাহীনভাবে দ্রুতগতিতে টোলপ্লাজা অতিক্রম করতে পারবে। তবে যে সকল গাড়ির চালকেরা এই সুবিধা পেতে ইচ্ছুক তাদের ডাচ-বাংলা ব্যাংকের সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে।

ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব এস.এম মাজহারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, মো. অহিদুজ্জামান, বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, আরেক নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী, ডাচ-বাংলা ব্যাংকের এসিভিপি অ্যান্ড সিএফআইও আবুল কাশেম খান, হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশনের মাহবুবুল ইসলামসহ সেতু কর্তৃপক্ষ, সিএনএস লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত