বিজয় দিবস আর্চারিতে দেশ সেরা আর্চার রোমান সানা তৃতীয়ও হতে পারেননি। তার মঞ্চে সোনালি হাসি হেসেছেন তরুণ আব্দুর রহমান আলিফ।
বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আর্চারি টুর্নামেন্টের সমাপনী দিনে মোট ৬টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ছেলেদের রিকার্ভ এককের ফাইনালে আব্দুর রহমান আলিফ ৬-০ সেট পয়েন্টে প্রদীপ্ত চাকমাকে পরাজিত করে স্বর্ণ পদক অর্জন করেন।
অন্যদিকে মোহাম্মদ তামিমুল ইসলাম ৬-০ সেট পয়েন্টে রোমান সানাকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
সেমিফাইনালে আব্দুর রহমান আলিফ ৬-২ সেট পয়েন্টে রোমান সানাকে এবং অপর সেমিফাইনালে প্রদীপ্ত চাকমা ৬-২ সেট পয়েন্টে মোহাম্মদ তামিমুল ইসলামকে পরাজিত করেন।
মেয়েদের রিকার্ভ মহিলা এককের ফাইনালে ইতি খাতুন ৬-৫ সেট পয়েন্টে বিউটি রায়কে হারিয়ে করে স্বর্ণ পদক অর্জন করেন। মেহেনাজ আক্তার মনিরা ৬-৪ সেট পয়েন্টে দিয়া সিদ্দিকীকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ ও বিউটি রায় ৬-০ সেট পয়েন্টে মো: ইমদাদুল হক মিলন ও মোসাম্মৎ ইতি খাতুনকে পরাজিত করে স্বর্ণ পদক অর্জন করেন। এর আগে মঙ্গলবার প্রদীপ্ত চাকমা ও দিয়া সিদ্দিকী ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে রোমান সানা ও মেহেনাজ আক্তার মনিরাকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
কম্পাউন্ড বিভাগে ছেলেদের একক ইভেন্টে সেরা হয়েছেন আশিকুজ্জামান, মেয়েদের এককে সেরা শ্যামলী রায়। মিশ্র ইভেন্টে স্বর্ণ জিতেছেন অসীম কুমার দাস ও তানিয়া রীমা।
