চাঁদপুরে চালকের দক্ষতায় রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পদ্মা এক্সপ্রেস নামে একটি বাসের যাত্রীরা। চলন্ত অবস্থায় ব্রেক কাজ না করলে চালক সড়কের পাশে থাকা ইটের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগিয়ে বাসটি থামান। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক কিছুটা আঘাত পেলেও অর্ধশতাধিক যাত্রীর জীবন রক্ষা পায়। এ সময় সড়কের পাশে থাকা একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোয়াভাঙ্গা কালিয়াপাড়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাসের চালক মো. মানিকের বরাত দিয়ে ট্রাফিক পরিদর্শক কবির জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস নামের বাসটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা কালিয়াপাড়া অতিক্রম করার সময় হঠাৎ করে বাসের ব্রেক ফেল হয়। পরে সড়কের পাশে একটি ইটের দেয়ালে ধাক্কা লাগিয়ে গাড়িটি থামানোর ব্যবস্থা করেন। এতে যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। পুলিশ যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত