আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৭ এএম

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাড়কের বাইপাইল এলাকায় জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়। পরে স্কাইল্যাক্স অ্যাপারেলস লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

কারখানার জ্যাকার্ড অপারেটর নাজমুল ইসলাম বলেন, ‘চার বছর ধরে আমি এই কারখানায় কাজ করছি। কিন্তু গত ১০ ডিসেম্বর সকালে কাজে এসে কারখানা বন্ধের নোটিস দেখতে পাই। তখন মালিক নাছিরুল ইসলাম পান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাইনি। গত দুই বছর ধরে আর্থিক অনটনের কথা বলে আমাদের বেতন থেকে ২ হাজার টাকা কেটে নিতেন মালিক। এ ছাড়া আমরা ৫০০ শ্রমিক এক মাসের বকেয়া বেতন-ভাতা পাব।’ জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানার সভাপতি ফরিদুল বলেন, ‘কারণ ছাড়া কারখানা বন্ধ করে মালিক নাছিরুল ইসলাম পান্না ভারতে পালিয়ে গেছেন। শ্রম আইনের ১৬, ২৫ ও ৩২ ধারা উল্লেখ করে নোটিস টানানো হয়েছে। এই ধারায় কারখানা বন্ধ করার নিয়ম নেই। আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিএমইএ ও কলকারখানা অধিদপ্তরে চিঠি দিয়েছি। ১৭ ডিসেম্বর মালিকের এক ভাগিনার সঙ্গে মিটিংয়ে বসার দায়িত্ব বিজিএমইএ নিলেও কেউ আসেনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার হেলাল বলেন, ‘এর আগে ওই কারখানায় সমস্যা হয়েছিল। তখন এসপি সাহেবসহ আমরা ঠিক করে দিয়েছিলাম। হুট করে কেন মালিক গত সপ্তাহে বন্ধ করে দিল জানি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত