প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি দেশে রাজনৈতিক মহামারী চলছে: রিজভী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০২:৫৩ পিএম

দেশে একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে রাজনৈতিক মহামারি চলছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘কথা বলা যায় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে দেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দেশ চলতে পারে না।’

শনিবার দুপুরে রাজধানীর গার্ডেন রোড এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে রিজভী এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের পাশে থেকে আমাদেরকে আরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কারও জীবনের নিরাপত্তা নেই। কারও সন্তানের কোনো নিরাপত্তা নেই।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘যেকোনো সময় যে কেউ গুম হতে পারে। যেকোনো সময় যে কেউ বিচারবহির্ভূত হত্যার শিকার হতে পারে। একটা ছেলে মিছিল করলে তাকে পুলিশ গুলি করে হত্যা করবে কেউ কিছুই বলবে না।’

তিনি বলেন, ‘সীমান্তে আমাদের লোক মারা যায় অথচ আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের দেশের দুষ্ট ছেলেরা অস্ত্র নিয়ে যায় বলে বিএসএফ গুলি করে হত্যা করে।’

‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষকেই ধিক্কার দিচ্ছে, অথচ যারা গুলি করে মারে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না’ যোগ করেন রিজভী।

তিনি বলেন, ‘এই নতজানু সরকার ক্ষমতায় থাকলে আমাদের স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘অত্যন্ত দুঃসময় পার করছি আমরা। কঠিন দুঃসময়। কথা বলা যায় না। কোনও সমাবেশ-মিটিং করা যায় না।’

২৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের নেতা আজিজুর রহমান মুসাব্বির এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান মুসাব্বির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত