ব্রাজিলিয়ান-আর্জেন্টাইন যুগলবন্দীতে বসুন্ধরার জয়

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৯:৩৩ পিএম

গেল আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াল ফেডারেশন কাপ ফুটবল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা দাপুটে জয়েই শুরু করল আসর।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় কিংসরা।

দলটির হয়ে জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান রবসন আজেভাদো দা সিলভা ও আর্জেন্টাইন তারকা রাউল বেসেরা। অন্য গোলটি আত্মঘাতী।

এই আসরের মধ্যে দিয়ে করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরল ছেলেদের ঘরোয়া ফুটবল। করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চ স্থগিত হয়ে যায় ২০১৯-২০ মৌসুমের লিগ। এরপর মৌসুমই বাতিল করে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পরে ধীরে ধীরে খেলাধুলার দুয়ার খুলে। জাতীয় ফুটবল দল এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে। ঘরোয়া স্কুল ফুটবল টুর্নামেন্ট, মেয়েদের লিগ হয়েছে। তবে শীর্ষ ক্লাবগুলোর লড়াই ফিরল এই ফেডারেশন কাপ দিয়েই। শুরু হলো ২০২০-২১ মৌসুম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আরো বড় জয় প্রাপ্য ছিল বসুন্ধরার। রহমতগঞ্জ কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি শক্তিশালী দলটিকে।

এরপরও ৪৩তম মিনিট পর্যন্ত প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে কিংসদের। গোলটি হয়েছে ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন তারকার রসায়নে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেজের নেওয়া ফ্রি–কিকে হেডে গোলটি করেন আর্জেন্টাইন বেসেরা।

বিরতির পর ৫৪ মিনিটে ব্রাজিলিয়ান রবসন আজেভাদো ব্যবধান দ্বিগুণ করেন। ৬৫ মিনিটে আত্মঘাতী গোল থেকে ব্যবধান ৩-০ হয় বসুন্ধরার। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত