আলোক স্বল্পতায় ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যেতে বা সাময়িকভাবে স্থগিত থাকতে দেখা অতি স্বাভাবিক বিষয়। তবে ম্যাচের মাঝপথে সূর্যাস্ত পর্যন্ত খেলা স্থগিত থাকার নজির খুবই কম আন্তর্জাতিক ক্রিকেটে। মঙ্গলবার নেপিয়ারে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে ঠিক তেমনটাই ঘটল।
সূর্যের আলোয় ব্যাটসম্যানের বল দেখতে অসুবিধা হচ্ছিল। তাই ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে এদিন।
সচরাচর যে কোনো মাঠে ক্রিকেট পিচের দুই প্রান্ত থাকে উত্তর-দক্ষিণ দিকে। যাতে সূর্যের আলো সরাসরি ব্যাটসম্যানের চোখে এসে না পড়ে। তবে ম্যাকলিন পার্কের পিচ অবস্থিত পূর্ব-পশ্চিমে।
সে কারণেই ইনিংসের ১২তম ওভারে হারিস রউফ যখন বল করছিলেন, ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের চোখে সরাসরি সূর্যের আলো এসে পড়ে। ঠিকমতো বল দেখতে পাচ্ছিলেন না। তাই সূর্যাস্ত পর্যন্ত ম্যাচ বন্ধ রাখা হয়।
ফিলিপস ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় জানান, রউফের স্লোয়ার ডেলিভারিগুলো ঠিকমতো দেখতেই পাচ্ছিলেন না তিনি।
ঠিক একই কারণে ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের একটি ওয়ানডে ম্যাচের সময় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।
পাকিস্তানের বিপক্ষে এদিন স্বাগতিক নিউজিল্যান্ড ম্যাচটা ৪ উইকেটে হেরেছে। যদিও কিউইরা আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল।
