চীন-রাশিয়ার বহু কোম্পানি যুক্তরাষ্ট্রের কালো তালিকায়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১২:১৬ এএম

চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা আছে সন্দেহে দেশ দুটির শতাধিক কোম্পানিতে পণ্য রপ্তানির ওপর বিধিনিষেধ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে কালো তালিকাভুক্ত ওই কোম্পানিগুলোতে ‘চিহ্নিত কিছু পণ্য’ পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের এখন থেকে আলাদা অনুমতিপত্র নেওয়া লাগবে বলে জানিয়েছে বিবিসি।

নতুন এ তালিকায় চীনের মহাকাশবিষয়ক অনেকগুলো কোম্পানির পাশাপাশি রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা বিভাগও আছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র চীনকে যে নানামুখী চাপের মুখে রেখেছে তারই ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ ছাড়ার সপ্তাহ কয়েক আগে শতাধিক কোম্পানির ওপর এ বিধিনিষেধ দেওয়া হলো।

গত এক বছরে বেশ কিছু সংবেদনশীল ইস্যু নিয়ে ওয়াশিংটন ও পেইচিংয়ের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস মহামারীর জন্য চীনের ওপরই দায় চাপিয়ে যাচ্ছেন; তার প্রশাসন হংকংয়ের ওপর চাপিয়ে দেওয়া চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন নিয়েও অসন্তুষ্ট।

সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে বিভিন্ন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা ছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকার চীনের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপরও নতুন বিধিনিষেধ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত