মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নেপিয়ারে গতকাল মঙ্গলবার পাকিস্তান ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাবর আজম না থাকায় অধিনায়কত্ব করবেন রিজওয়ান। তার আগে খেললেন ম্যাচজয়ী ৮৯ রানের ইনিংস। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৩ রান তুলেছিল স্বাগতিকরা। জবাবে রিজওয়ানের ৮৯ রানে ভর করে ২ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। পরে ডেভন কনওয়ের ৬৩ ও গ্লান ফিলিপসের ৩১ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় নিউজিল্যান্ড। স্পিনার ফাহিম আশরাফ ২০ রানে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে হায়দার আলি (৯ বলে ১১) ও মোহাম্মদ হাফিজ (২৯ বলে ৪১) ফিরে গেলেও অপর প্রান্ত আগলে রেখেছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ান। তার ৫৯ বলে ৮৯ রানের ইনিংসে ছিল ১০ চার ও ৩ ছক্কা। রিজওয়ান ফিফটি করেন ৪০ বলে। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংসও। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ফিফটি ছিল না রিজওয়ানের। ১৯তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে টিম সাউদি দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু ৭ বলে অপরাজিত ১৪ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছান ইফতেখার আহমেদ। টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের চতুর্থ সেরা রান তাড়া করে জয়ের রেকর্ড। ২৬ তারিখের বক্সিং ডে টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ে মুখোমুখি হবে এই দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৭৩/৭ (কনওয়ে ৬৩, শিফার্ট ৩৫, ফিলিপস ৩১; ফাহিম ৩/২০)। পাকিস্তান : ১৯.৪ ওভারে ১৭৭/৬ (রিজওয়ান ৮৯, হাফিজ ৪১, ইফতিখার ১৪*, খুশদিল ১৩)। ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মোহাম্মদ রিজওয়ান। সিরিজসেরা : টিম শিফার্ট।
নিউজিল্যান্ডের টেস্ট দল
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল ১৩ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট।
টেস্ট দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, উইল ইয়াং।
