অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে বুধবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।
তিনি বিধি অনুযায়ী পিআরএলে থাকাকালীন সুবিধা পাবেন।
তবে বুধবার বিকাল পর্যন্ত ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়। ১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।
আহমদ কায়কাউসকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
