নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সরকারের অনুমোদনপ্রাপ্ত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউজিসি।
এ বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব সম্পর্কে কমিশন অবগত নয়। এই নামে কোনো প্রকল্প প্রস্তাবও ইউজিসিতে পাঠানো হয়নি।
অস্তিত্ববিহীন এ প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছে ইউজিসি। এ বিষয়ে শিগগিরই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইউজিসি।
ইউজিসি জানায়, বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা উপাচার্য (ভারপ্রাপ্ত) পরিচয়দানকারী অধ্যাপক এ বি এম শরিফুজ্জামান শাহ সম্প্রতি সহ–উপাচার্য, শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নেয়া হবে উল্লেখ করে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দেখানো হয়েছে সংসদ সদস্য রাবেয়া আলীমকে।
বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদ, জনবল নিয়োগের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয় ইউজিসির দৃষ্টিগোচর হয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চাকরিপ্রত্যাশীসহ সংশ্লিষ্ট সবাইকে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ইউজিসি।
আগ্রহীরা প্রয়োজনে ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের তালিকা ও অনুমোদিত প্রোগ্রামের তালিকা দেখতে পারেন।
এ ছাড়া ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদে উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন। কাজেই এসব পদে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে নিয়োগ প্রদান করলে তা হবে সম্পূর্ণ আইনপরিপন্থী।
