রাজধানীতে ‘স্বামীর সঙ্গে অভিমান করে’ গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১১:২৫ এএম

রাজধানীর মধ্য বাড্ডা বাজার রোডের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে কারিমা জাহান (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারিমা শরিয়তপুর ডামুড্ডা উপজেলার কবির মিয়ার মেয়ে। স্বামী রফিক মিয়া ও দুই বছরের একমাত্র ছেলে ইউনুসকে নিয়ে মধ্য বাড্ডা বাজার রোড রুহুল আমিনের দোতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন তিনি। বাসার পাশে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে স্বামী রফিকের।

মৃত কারিমার স্বামী রফিক বলেন, সকালে ছেলের দুষ্টুমি নিয়ে কারিমা বাচ্চার সঙ্গে একটু রাগারাগি করে। পরে আমি বাচ্চাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। বাসায় আসার পর কারিমা আমার জন্য খাবার বাড়লে আমি পরে খাবো জানাই। কিন্তু সে ভুল বুঝে আমার রুমের দরজা আটকে রেখে পাশের আরেকটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে আমি বাড়িওয়ালাকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি এসে পাশের রুমের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন কারিমা ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।

পরে বাড়ির মালিক প্রথমে আমার রুমের দরজা খুলে দেন। এরপর পাশের রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত