চার ধাপে বিকাশ থেকে টাকা তুলে নেয় প্রতারক চক্র

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০১:১৫ পিএম

বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার ধাপে তারা ভুক্তভোগীদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতো তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের লিডার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।

চক্রের সদস্যরা হলেন মো. শিমুল মিয়া (২৯), মো. শাহিন মাতুব্বর (২৮) ও এমডি মহিদুল (২৬)। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রের সদস্যরা প্রধানত চারটি দলে ভাগ হয়ে প্রতারণা কার্যক্রম চালায়।

প্রথম গ্রুপ মাঠ পর্যায়ে অবস্থান করে দোকানে টাকা বিকাশ করার কথা বলে অবস্থান নেয়। একপর্যায়ে আগে লেনদেন হওয়া বিকাশ খাতার ছবি তুলে নেয়। পরবর্তী সময়ে ওই ছবি হোয়াটসঅ্যাপে দ্বিতীয় গ্রুপের কাছে স্থান উল্লেখ করে পাঠিয়ে দেয়।

দ্বিতীয় গ্রুপ পাঠানো ছবি থেকে প্রাপ্ত বিভিন্ন নম্বরে বিকাশ দোকানদার সেজে কল করে এবং জানতে চায় যে, তাদের কাছে পাঠানো টাকা তারা পেয়েছেন কিনা এবং ক্যাশ আউট করেছেন কিনা। যদি বলে পেয়েছি কিন্তু টাকা তুলিনি বা ক্যাশ আউট করেনি তখন প্রতারকেরা কৌশলের আশ্রয় নেয়। প্রতারণার ছলে বলতে থাকে, আমার দোকান হতে একই সময়ে কয়েকটি নম্বরে পাঠানো টাকা নিয়ে অভিযোগ আসায় তাদের নম্বর লক করতে গিয়ে আপনার নম্বরও লক হয়ে গেছে। আপনাকে বিকাশ অফিস হতে ফোন করে আনলক করে দেবে।

অল্প সময়ের ব্যবধানে তৃতীয় গ্রুপ বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস অফিসার পরিচয় দিয়ে অনলাইন ভিত্তিক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিকাশ অফিসের নম্বর ক্লোনিং করে ফোন দেয়। ফোন করে বিভিন্ন কথার ছলে ওটিপি এবং বিকাশ পিনকোড নিয়ে নেয়।

পরবর্তীতে প্রতারক চক্র গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ও আনলক করার কথা বলে ভিকটিমের বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পরিমাণ টাকা কৌশলে হাতিয়ে নেয়। এভাবে হাতিয়ে নেওয়া টাকা মাঠ পর্যায়ে থাকা সর্বশেষ অর্থাৎ চতুর্থ গ্রুপের নিকট পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা দীর্ঘদিন যাবৎ বিকাশ কাস্টমার কেয়ারের ম্যানেজার অথবা এজেন্ট সেজে নিরীহ মানুষদের কাছ থেকে তাদের অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল। যারা বিভিন্ন হাত বদল করে ক্যাশ আউট করে, ফলে প্রতারকদের অবস্থান শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত