ফেনীর সোনাগাজীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) অপহরণের পাঁচ দিন পরও উদ্ধার করা যায়নি।
রবিবার সকালে স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে মাদ্রাসা শিক্ষক নূরেরজামানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
সোনাগাজী থানা পুলিশ, স্কুলছাত্রীর পরিবার, এলাকাবাসী জানান, মেয়েটি ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। স্কুলে যাওয়া-আসার সময় দীঘিরপাড়ের বাসিন্দা মৃত আবদুস শহীদের ছেলে নাড়ুমিয়ার হাট ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক নূরেরজামান তাকে প্রেমের প্রস্তাব দিতেন এবং দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। কিন্তু তার প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী।
রবিবার সকালে স্কুলে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ওতঁপেতে থাকা নূরেরজামানের নেতৃত্বে ৪-৫ জন অস্ত্র ঠেকিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজি অটোরিকশায় অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে রাতে স্কুলছাত্রীর বাবা আবুল হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
অপহরণের পাঁচ দিনেও স্কুলছাত্রী নাঈমা উদ্ধার না হওয়ায় তার বাবা আবুল হোসেন স্বপন ও মা ফাহিমা আক্তার গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের সন্তানকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই আনোয়ার হুসেইন বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের অবস্থান নিশ্চিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপহরণের মূল হোতার ব্যবহৃত ফোনের কললিস্টের সূত্রে নিশ্চিত হয়েছেন অপহরণকারীরা কুমিল্লা জেলার বাখরাবাদ গ্যাস ফিল্ডের পাশে ছাপাপুর গ্রামে অবস্থান করছেন।
