খাগড়াছড়িসহ অন্য ৫টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদরের হাসপাতাল সড়কস্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
খাগড়াছড়ি ছাড়াও ভার্চ্যুয়াল মাধ্যমে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যে ই-পাসপোর্ট কার্যক্রম একটি। এই পাসপোর্ট দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বের মধ্যে ১১৯ তম দেশ যারা ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করেছে। ই-পাসপোর্ট যেন বিশ্বমানের হয় সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করেছে। ই-পাসপোর্ট সারা বিশ্বে বিশ্বাসযোগ্য, নিরাপদ। ই-পাসপোর্ট ইস্যু করা হবে ১০ বছরের জন্য। ই-পাসপোর্ট পেতে যাতে হয়রানির শিকার হতে না হয়, তা নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, ই-পাসপোর্টের জন্য ঘরে বসে আবেদন করা যাবে। পরবর্তীতে ফিংগার প্রিন্ট, আই প্রিন্ট অফিসে গিয়ে আসতে হবে। ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপি পাসপোর্ট এখনো ব্যবহৃত হবে।
পার্বত্য শান্তি চুক্তি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, চুক্তির কিছু কিছু বিষয় অসম্পূর্ণ রয়েছে। এ ব্যাপারে কাজ চলছে। আমরা আর এই এলাকায় রক্তপাত চাই না। দেশ অনেক এগিয়েছে, নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের এই বাংলাদেশে কোন অংশ অন্ধকারে থাকবে প্রধানমন্ত্রী তা কখনো চিন্তা করেন না।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে বক্তব্য রাখেন শামীম ওসমান এমপি।
অনুষ্ঠানে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তী চাকমা এমপি, মো. শহীদুজ্জামান সচিব সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মে. জে. আয়ুব চৌধুরী মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, গুইমারা রিজিয়ন কমান্ডার শাহারিয়ার জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলার ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগদান শেষে ঢাকায় ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
