ধামরাইয়ে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১০:০৫ পিএম

ঢাকার ধামরাইয়ে ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন খানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মহসিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে প্রতারণার অভিযোগে তাকে বিএনপি থেকেও বহিষ্কার করা হয়েছিল।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভাড়ারিয়া এলাকার মোরছালিনকে টিসিবির ডিলারশিপ পাইয়ে দেবে বলে তার কাছ থেকে মহসিন ১৪ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর মোরছালিনকে কৃষি মন্ত্রালয়ের বিভিন্ন ডিলারশিপের জাল কাগজপত্র দেন। প্রতারণার ঘটনা ফাঁস হওয়ার পর লাপাত্তা হয়ে যান তিনি। পরে মোরছালিন প্রতারক মহসিনের নামে ধামরাই থানায় একটি প্রতারণা মামলা করেন। ধামরাই থানা পুলিশ বুধবার গভীর রাতে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আমতা ইউপির সাবেক চেয়ারম্যান মহসিন খানকে আটক করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত