মাগুরার শ্রীপুরে বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য পরীক্ষার পরিবেশ না থাকার কারণে দুটি প্যাথলজি সেন্টারকে বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দ্বারিয়াপুর গ্রামে অবস্থিত সেকেন্দার ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন শেষে লাইসেন্স এবং স্বাস্থ্য পরীক্ষার পরিবেশ না থাকার কারণে বন্ধ করার নির্দেশ দেন সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। একই সময় গুড লিংক ইসিজি, এক্সরে অ্যান্ড প্যাথলজি সেন্টার লাইসেন্স না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঈসউজ্জামানসহ অন্য কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এসব প্যাথলজি সেন্টারের বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য পরীক্ষার পরিবেশ না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়।
