দায়িত্বশীল সাংবাদিকতা অভিবাসন খাতকে সমৃদ্ধ করবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০১:৪৭ এএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জনগণকে সচেতন করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যম। ভুল তথ্য প্রচারিত হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। দায়িত্বশীল সাংবাদিকতা অভিবাসন খাতকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা পালন করবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘অভিবাসন বিষয়ে মানুষকে সচেতন করতে আমরা মন্ত্রণালয় থেকে একদম উপজেলা পর্যন্ত মিটিং করেছি, দরকার হলে আবার করব। কিন্তু এনজিও, সিএসও এবং মিডিয়া এরাই হলো মূল চালিকাশক্তি যাদের মাধ্যমে আমরা জনগণকে অভিবাসন বিষয়ে সচেতন করতে পারব।’ সংবাদের মাধ্যমে ভুল তথ্য চলে গেলে তার পরিণতি ভয়াবহ হয় উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের আরও দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আয়োজিত ওই অনুষ্ঠানে ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়। সাংবাদিকতার মাধ্যমে দেশের অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ অ্যাওয়ার্ড পেয়েছেন ১৩ সাংবাদিক এবং ১টি প্রতিষ্ঠান। অভিবাসন খাতে সাংবাদিকতাকে স্বীকৃতি দেওয়ার জন্য ২০১৫ সাল থেকে ব্র্যাক এ পুরস্কারটি প্রবর্তন করে। এ বছরের ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ আইওএম বাংলাদেশ এবং ব্র্যাক অংশীদারত্বের ভিত্তিতে ‘বাস্তবায়ন প্রত্যাশা প্রকল্প’ থেকে দেওয়া হয়েছে বলে জানায় ব্র্যাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত