চুয়াডাঙ্গায় প্রবাসীর ছেলেকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩০ পিএম

চুয়াডাঙ্গায় অপহরণের এক সপ্তাহ পর সাকিব হাসানের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার যদুপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ১৯ ডিসেম্বর তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ পরিবারের।

নিহত সাকিব হাসান উপজেলার যদুপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। নিহতের বাবা আব্দুল কুদ্দুস সৌদিপ্রবাসী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাকিব হাসান। এরপর ২০ ডিসেম্বর দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন তার মা।

জিডির সূত্র ধরে অপহৃত সাকিবকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতর স্বীকারোক্তিতে শনিবার দুপুরে যদুপুর গ্রামের একটি আমবাগানের ভেতর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণকারীরা।

নিহতের মা শেফালি বেগম জানান, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কৌশলে সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অপহরণ চক্রের সদস্যরা। পরদিন তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তখন সাকিবের মা দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। পরে শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, সাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামলার তদন্তর স্বার্থে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত