নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়েছেন শ্রমিক লীগের সহসভাপতি।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১নং বালু মহালের আগার নামক স্থানে ড্রাইভারশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোতা মিয়া (৪৫) উপজেলার পৌর শহরের বালিকান্দি গ্রামের হাসান আলীর ছেলে এবং তিনি জাতীয় শ্রমিক লীগের দুর্গাপুর উপজেলা শাখার সহসভাপতি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ১নং বালু মহালের আগার নামক স্থানে ড্রাইভারশনে বালুগাড়ী যাতায়াতের সুবিধার্থে মো. তোতা মিয়া বাঁশ দিয়ে রাস্তায় মেরামতের কাজ তদারকি করছিলেন।
ড্রাইভারশনের রাস্তায় বিছানো বাঁশগুলো বালুর সঙ্গে চাপা দেয়ার জন্য ট্রাক দিয়ে রুলারের কাজের একপর্যায়ে ট্রাকটি পেছনে যাওয়ার সময় তোতা মিয়া ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হলে তার পেট থেঁতলে নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার পূর্বে তোতা মিয়ার মৃত্যু হয়েছে।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, নিহতের পরিবার ও স্বজনেরা ময়নাতদন্তে আগ্রহী নয়। হাসপাতালে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
