শাহজালাল বিমানবন্দরে মিলল ২৫০ কেজির আরও একটি বোমা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে আরও একটি জিপি বোমা উদ্ধার করেছে বিমান বাহিনী।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় সোমবার ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমাটি পাওয়া যায়।

বাংলাদেশ বিমান বাহিনীর ভেরিফায়েড অফিসিয়াল ফেইসবুক পেজে এ কথা জানানো হয়েছে।

বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ডিমোলিশ/ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে পাওয়া বোমাগুলোর ন্যায় এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এ নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইট থেকে একই ধরনের চারটি বোমা উদ্ধার হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত