দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র খনি বিরোধী নেতা মো. মুরতুজা সরকার মানিককে পরাজিত করে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের ভাই নৌকা প্রতীকের প্রার্থী খাজা মইন উদ্দীন, বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শাহাদাৎ আলীর শোচনীয় পরাজয় হয়েছে।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও মো. মাহামুদ আলম লিটন নারকেল গাছ প্রতীকে ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র খনি বিরোধী নেতা মো. মুরতুজা সরকার মানিক জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।
অপরদিকে নৌকা প্রতীক পেয়েছে ৩ হাজার ৪৬০ ভোট ও ধানের শীষ পেয়েছে ৩ হাজার ৪২ ভোট।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলবাড়ী পৌর নির্বাচনে ৭৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে। এবারই প্রথম এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে।
ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন ভোটারের মধ্যে ২১ হাজার ৩৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫১টি অপ্রদত্ত ভোট রয়েছে।
