দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে, মা-মেয়েসহ নয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় মা ও মেয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী, গোপালগঞ্জে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক গ্রাম্য চিকিৎসক ও নরসিংদীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক হেলপার নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:
গাজীপুর : কালিয়াকৈরে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের কোতোয়ালি থানার শ্রীরামপুর এলাকার বাদশা মিয়ার স্ত্রী লিমা আক্তার (৩৩) ও তার ছেলে লিখন (৬)। স্থানীয়রা জানান, কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বাদশা। গতকাল দুপুরে রাস্তা পার হয়ে সাবান কেনার জন্য দোকানে যাচ্ছিল তার স্ত্রী ও ছেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুজনের। কালিয়াকৈর থানার এসআই মাহবুব হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ভোলা : চরফ্যাশনে যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় শশীভূষণ থানার পানির কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের চরমঙ্গল গ্রামের মো. বেলাল হোসেন মাস্টারের স্ত্রী তানিয়া (৩০) ও তার মেয়ে মালিহা (৩)। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চরফ্যাশন থেকে অটোবাইকে করে মেয়ে মালিহাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি চরমঙ্গল গ্রামে যাচ্ছিলেন তানিয়া। পথে পানির কল এলাকায় পৌঁছালে অটোবাইকটি উল্টে মালিহা রাস্তায় পড়ে যায়। পরে তাকে ওঠাতে গিয়ে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
টাঙ্গাইল : ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সিংগুরিয়া নামক স্থানে এ দুর্ঘনা ঘটে। নিহতরা হলেন ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের মো. আবদুর রশিদ (২০), একই গ্রামের মো. মুন্না (৩০) ও সুবজ (১৬)। ঘাটাইল থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের ওপর একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা ওই তিন আরোহীর মধ্যে একজনের ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর অন্য দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ : সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তরুণ কান্তি সরকার (৫০) নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল সকালে জেলা শহরের বিসিক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তরুণ কান্তি বাগেরহাটের চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রঞ্জিত সরকারের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গতকাল বেলা ১১টার দিকে একটি ইজিবাইকে করে পুলিশ লাইনস থেকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন তরুণ। পথে বিসিক ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তরুণ কান্তির মৃত্যু হয়। আহত হয় শিশুসহ অন্তত ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী : রায়পুরায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দরিয়াকান্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভৈরব হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকালে সিলেট থেকে একটি পাথরবাহী ট্রাক নরসিংদীর দিকে আসছিল। পথে দরিয়াকান্দা বাজারে পৌঁছালে ভৈরব অভিমুখে একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
