শিশু কিডনি রোগের সমন্বিত চিকিৎসাবিষয়ক ন্যাশনাল গাইডলাইন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিএসএমএমইউর শিশু কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিনের তত্ত্বাবধানে গাইডলাইনটি প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘স্বাভাবিকভাবেই শিশুরা তাদের রোগের উপসর্গ যথাযথভাবে বলতে না পারায় তাদের চিকিৎসাসেবা দেওয়াটা একটু জটিল। ন্যাশনাল গাইডলাইনের মাধ্যমে সারা দেশের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক, ছাত্রছাত্রীসহ অন্য চিকিৎসকরাও শিশু কিডনি রোগের উন্নত ও যথাযথ চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সঠিক ধারণা পাবেন।’
শিশু কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
