মির্জাপুরে পাহাড়ি টিলা কাটায় দুই মাটি ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে ভেকু দিয়ে পাহাড়ের টিলা কেটে লাল মাটি বিক্রির দায়ে দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন গত দুই দিনে এই জরিমানা করেন।

জানা গেছে, প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী রাজনৈতিক ছত্রচ্ছায়ায় উপজেলার পাহাড়ি এলাকার আজগানা, বাঁশতৈল, তরফপুর, গোড়াই ও লতিফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ি টিলার লাল মাটি ভেকু দিয়ে কেটে রাতের আঁধারে ড্রামট্রাক ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল।

খবর পেয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় লালমাটি ভর্তি দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাক ও মাটির মালিক গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. শওকত হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গত সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোড়াই এলাকায় অভিযান চালিয়ে জামান মিয়া নামের এক ব্যবসায়ীকে লাল মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন বলেন, 'অবৈধভাবে পাহাড়ের টিলা কেটে লাল মাটি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত