বিসিক আয়োজিত অডিটবিষয়ক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম

নির্ভুল হিসাব পরিচালনার মাধ্যমে অডিট আপত্তি দূরীকরণের কার্যকরী পদক্ষেপ হিসেবে বিসিকের প্রশিক্ষণ আয়োজিত অডিটবিষয়ক প্রশিক্ষণ কোর্স বুধবার সম্পন্ন হয়েছে।

কোর্সে বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন শিল্প সহায়ক কেন্দ্র ও শিল্পনগরীর হিসাব ও অর্থ সংশ্লিষ্ট মোট ৩৮ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের নির্ভুল হিসাব পরিচালনার লক্ষ্যে গত ২০১৯ সালে শিল্প সচিব প্রতি বছর সংশ্লিষ্টদের জন্য অডিটবিষয়ক প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত বিসিককে জানিয়েছিলেন।

এরপর বিসিক গত বছর থেকে অডিটবিষয়ক প্রশিক্ষণ শুরু করে। এর ধারাবাহিকতায় এ বছর ঢাকা অঞ্চলের হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কোর্সে বিসিকের চেয়ারম্যান, পরিচালক (অর্থ), পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন), বিসিকের সচিব, শিল্প মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা অধিশাখার উপ-সচিব, অডিট শাখার সহকারী সচিব, বিসিকের নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ), বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপ-পরিচালক আর্থিক নিয়মনীতি পরিপালন ও সুষ্ঠুভাবে হিসাব পরিচালনা করে অডিট আপত্তি হ্রাস করা বিষয়ে সংশ্লিষ্ট মডিউল মোতাবেক সম্যক ধারণা দেন।

বিসিক চেয়ারম্যান অডিটবিষয়ক বক্তৃতায় বলেন, উন্নত দেশে তাত্ত্বিক লেখাপড়ার চেয়ে ব্যবহারিক তথা বাস্তবিক লেখাপড়ায় বেশি গুরুত্ব দিয়ে থাকে বলে তারা উন্নত হতে পেরেছে। কিন্তু আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হলেও তেমন ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয় না, ফলে চাকরির ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে আর্থিক কাজ নিয়মনীতি অনুযায়ী না করা হলে অডিট আপত্তি বেশি হয়। তাই নিয়মনীতি জেনে অডিট আপত্তি দূর করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী কোনো চাপের মুখে নতিস্বীকার যেন না করেন সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বিসিকের রেজিস্ট্রেশনসহ অন্যান্য সব কাজে গতিশীলতা বৃদ্ধিতে জোর তৎপরতার চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বিসিকের যে সব অডিট আপত্তি ইতিমধ্যে হয়েছে সেগুলোর উদাহরণ দিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বিভিন্ন নির্দেশনা দেন।

পরে তিনি অডিটবিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করেন।

উক্ত কোর্সের কোর্স পরিচালক হিসেবে বিসিকের প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিন সুষ্ঠুভাবে কোর্স পরিচালনা করেন এবং প্রশিক্ষণ কর্মকর্তা পুলক কুমার দেব কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত