দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ইসলামাবাদ থেকে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) এ নেতাকে গ্রেপ্তার করে দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।
পাকিস্তানের ডন অনলাইন বলছে, জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে এনএবি বলেছে, তাদের লাহোর কার্যালয়ের কর্মকর্তারা আসিফকে গ্রেপ্তার করেছেন। আসিফকে আয়সহ অন্যান্য বিবরণী দাখিল করতে বলা হলেও তিনি তা করেননি। পিএমএল-এনের মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বলেছেন, দলীয় একটি সভা শেষে বের হওয়ার পরই আসিফকে হেফাজতে নেয় এনএবি।
পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। লন্ডনে অবস্থানরত নওয়াজ বলেন, ‘সরকারের অবস্থা যে নড়বড়ে, তা এই গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে।’
আসিফকে এমন এক সময় গ্রেপ্তার করা হলো, যখন পাকিস্তানের বিরোধী জোট পিডিএম দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করেছে। তারা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করছে। নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অভিযোগ করেন, তার বাবার বিরুদ্ধে যেতে আসিফকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু রাজি না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
