সিদ্ধিরগঞ্জে তিন শতাধিক দোকান উচ্ছেদ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০১:২২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা তিন শতাধিক দোকান উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় অর্ধশতাধিক পুলিশ এসব দোকান উচ্ছেদ করে।

ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, থানার ওসি মশিউর রহমানের নাম ভাঙিয়ে দৈনিক অর্ধলক্ষাধিক টাকা চাঁদা আদায় করত রিপন ওরফে মুরগি রিপন ও জামাল নামে দুই চাঁদাবাজ। তারা দৈনিক পুলিশ ম্যানেজ করার জন্য ১০০, সওজ কর্মকর্তাদের জন্য ৫০ ও বিদ্যুৎ বিল বাবদ ৩০ টাকা করে ১৮০ টাকা চাঁদা নিত। তবে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছে রিপন ও জামাল।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, ‘আমার নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের বিষয়টি জানতাম না। চাঁদার ভাগই যদি পেতাম তাহলে উচ্ছেদ করতে আসতাম না। উচ্ছেদ করতে এসে দোকানদারদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। যারা আমার নাম ভাঙিয়ে চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়রা জানায়, শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে সওজের অধীন সরকারি জায়গা দখল করে তিন শতাধিক ফুটপাত দোকান গড়ে উঠে। সওজ ও পুলিশ এসব দোকান উচ্ছেদ করলেও এক-দুই দিন পরই আবার দোকান গড়ে তোলা হয়।

নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে আমরা প্রায়ই উচ্ছেদ অভিযান চালাই। কিন্তু দোকানিরা আবার বসায় দোকান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত