আজ কমরেড মণি সিংহের ৩০তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৪:৫৮ এএম

মুক্তিযুদ্ধকালীন প্রথম সরকারের উপদেষ্টা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর এদিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

আবদুল হামিদ তার বাণীতে বলেন, ‘বিপ্লবী ও প্রগতিশীল গণআন্দোলনের প্রবাদতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড মণি সিংহ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ছাত্র ইউনিয়ন কর্মীদের সংগঠিত করে যৌথ গেরিলাবাহিনী গড়ে তোলার মাধ্যমে প্রত্যক্ষ যুদ্ধে অসাধারণ অবদান রেখেছিলেন।’

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তিনি প্রশংসনীয় অবদান রাখেন। এই বিপ্লবী জননেতার জীবন ও কর্ম আমাদের সবসময় অনুপ্রেরণা জোগাবে।’

কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবিসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৭টা ৩০ মিনিটে পোস্তাগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে এবং সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া কমরেড মণি সিংহ স্মরণে বিকেল ৫টায় সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা হবে।

মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে কমরেড মণি সিংহের ৩০তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিবৃতিতে তারা বলেন, আজীবন ত্যাগের মধ্য দিয়ে কমরেড মণি সিংহ এ দেশে আদর্শিক রাজনীতির যে বীজ বপন করেছিলেন, তার ভিত্তিতে শোষণমুক্তির সংগ্রাম অগ্রসর করতে হবে। কমরেড মণি সিংহের স্বপ্নের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় সুসং দুর্গাপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করেছে। স্মৃতি জাদুঘরে আয়োজিত সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত