কিশোরগঞ্জের ভৈরবের ভৈরবপুর মধ্যপাড়া এলাকা থেকে ২৬৯ বোতল ফেনসিডিলসহ সাইদুর রহমান ইমন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক টিম। এ সময় জব্দ করা হয় ফেনসিডিল পাচারে ব্যবহার করা একটি মাইক্রোবাস।
আটক ইমন নরসিংদী জেলার মাধবদী পৌর শহরের ছোট মাধবদী গ্রামের হাজী আবুল হাসেম মিয়ার ছেলে।
র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে ভৈরব থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন র্যাবের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
তিনি আরও জানান, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাইকারি/খুচরা বিক্রি করে থাকে।
ওই তথ্যের সত্যতা যাচাইয়ে মাদক ব্যবসায়ী চক্রটির উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হলে তথ্যের সত্যতা পাওয়া যায়।
ওই তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, মাদক ব্যবসায়ী চক্রটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা থেকে সিলভার ও খয়েরি রঙের নোহা (ঢাকা মেট্রো-চ-৫১-৫০৭৮) মাইক্রোবাসে করে ফেনসিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে শহরের ভৈরবপুর মধ্যপাড়া আছিয়া মনি গার্লস্ হোস্টেলের সামনের পাকা রাস্তার উপর ইমনকে বহন করা মাইক্রোবাসটি তল্লাশি করে।
তল্লাশিকালে গাড়ির ব্যাগ ডালার ভেতরে রাখা ২টি প্লাস্টিকের বস্তা থেকে ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
