চার্জশিটের আগে আসামির হাজিরা অব্যাহতি চায় সংসদীয় কমিটি

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১২:৪৩ এএম

অধিকসংখ্যক আসামির মামলার ক্ষেত্রে চার্জশিটের আগে হাজিরা অব্যাহতির ব্যবস্থা চায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আবার দীর্ঘদিন ধরে চলা মামলার চার্জশিট দ্রুত দেওয়ার ব্যবস্থাও চায় কমিটি।

এ বিষয়ে আলোচনার জন্য কমিটির আগামী বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, আজকের মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা আরও বিস্তারিত ফলপ্রসূ আলোচনা করতে চাই। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সদস্য রুমিন ফারহানা বলেন, অনেক মামলা বছরের পর বছর ধরে চলে, চার্জশিট দেওয়া হয় না। সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট দেওয়ার সময় ৭৭ বার পিছিয়েছে। এগুলো নিয়ে আলোচনা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।

বিএনপির এ সংসদ সদস্য আরও বলেন, অনেক মামলায় বেশিসংখ্যক আসামি করা হয়। শত শত আসামি করারও ঘটনা আছে। চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে এত আসামির হাজিরা অব্যাহতি দেওয়া যায় কি না, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে রুমিন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন হবে। আমি বলেছি, এ ক্ষেত্রে যেন রাজনীতিকরণ না হয়, সেটা দেখতে বলেছি। বঙ্গবন্ধুর খুনিদের কারা কোথায়, কীভাবে পুনর্বাসন করছে, সেটা যথাযথভাবে যেন তদন্ত হয়, তা বলেছি।

এছাড়া ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ ল্যাব বাড়ানো এবং ডোপ টেস্টের জন্য পর্যাপ্তসংখ্যক ল্যাব গঠনের সুপারিশ করা হয়। বৈঠকে বিচার দ্রুত শেষ করতে পর্যাপ্তসংখ্যক বিচারক নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. শামসুল হক টুকু, আবদুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত