সেই মন্দির পুনর্নির্মাণের প্রতিশ্রুতি পাকিস্তানের

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০৬:৩১ পিএম

হামলা ও আগুনে পুড়িয়ে পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দিরটি প্রায় ভেঙে ফেলা হয়েছে, সেটি পুনর্নির্মাণে অর্থসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির প্রাদেশিক সরকার।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কারাক জেলার ওই মন্দিরে গত বুধবার হামলা চালায় উন্মত্ত মুসলিমরা।

স্থানীয় ধর্মীয় নেতাদের উসকানিতে সহস্রাধিক মানুষ তেরি গ্রামের ওই মন্দিরে হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কেউ দেয়ালের ইট খুলে নিচ্ছেন, কেউ আগুন লাগাচ্ছেন। এ সময় মন্দিরের ভেতরে কেউ ছিলেন না।

প্রাদেশিক তথ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে শুক্রবার আল-জাজিরা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে স্থানীয় এক ধর্মীয় নেতাও আছেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর পক্ষ থেকে প্রাদেশিক তথ্যমন্ত্রী কামরান বঙ্গশ বলেন, ‘আক্রমণে যে ক্ষতি হয়েছে, তার জন্য আমরা অনুতপ্ত। মুখ্যমন্ত্রী মন্দিরটি সংস্কারের নির্দেশ দিয়েছেন।’

বঙ্গশ জানিয়েছেন, স্থানীয় হিন্দুদের সহায়তায় নির্মাণকাজ দ্রুত শুরু হবে। মন্দির এলাকায় নিরাপত্তা বাড়ানো হবে বলেও কথা দিয়েছেন তিনি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরের সুবিধা বৃদ্ধির জন্য প্রশাসনের কাছে দাবি জানালে এর বিরোধিতা করেন ধর্মীয় নেতারা। তখন তারা পাল্টা শত বছরের পুরোনো মন্দিরটি অপসারণে জনগণকে সংঘবদ্ধ করেন।

১৯১৯ সালে অবিভক্ত ব্রিটিশ ভারতে মন্দিরটি নির্মিত হয়। ১৯৯৭ সালেও উন্মত্ত মুসলিম জনতা এটিতে হামলা চালায়। ২০১৫ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের সংস্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত