ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের আবাসিক এলাকায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আলতাফ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে গাছ লাগানো নিয়ে বাগবিতণ্ডা হয় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান ও আল-ফিকহ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের। একপর্যায়ে এমএম নাসিমুজ্জামান ‘লাঠি নিয়ে তেড়ে যান’ আলতাফ হোসেনকে মারতে। এ ছাড়া ‘অকথ্য ভাষায় গালিগালাজ করেন’ এবং ‘হত্যার হুমকি দেন’ সহকারী প্রক্টর নাসিমুজ্জামান।
নাসিমুজ্জামান ভবনের বিভিন্ন কাজে ‘অন্যায়ভাবে সুবিধা নিতে না পারা’ এবং ভবনের পেছনে ফাঁকা জায়গায় বাগান করা নিয়ে ‘অন্যায়ভাবে প্রাধান্য বিস্তার করতে না পারার’ ক্ষোভে বিভিন্নভাবে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে বলে সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে। এ বিষয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি করেন সহকারী অধ্যাপক আলতাফ হোসেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক নাসিমুজ্জামান বলেন, ‘ওনার সঙ্গে আমার কোনো পূর্বশত্রুতা নেই। যে অভিযোগগুলো আছে আমি স্বজ্ঞানে বলছি এগুলো সব ভিত্তিহীন। ও হয়তো আমাকে ভুল বুঝেছে’।
ইবি থানার ওসি মোস্তাফিজ বলেন, ‘সহকারী অধ্যাপক আলতাফ হোসেন একটা সাধারণ ডায়েরি করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষটা তদন্ত করব’।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিয়ষটি আমি জেনেছি। এ ধরনের ঘটনা কাম্য নয়। বিষয়টি নিয়ে আমরা উভয় শিক্ষকের সঙ্গে কথা বলব’।
